Dhaka Mail Logo

সারাদেশ

সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক, পা জড়িয়ে ধরেও টিকল না সংসার

জেলা প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

সাত বছরের দাম্পত্যজীবন। একসঙ্গে পথচলার দীর্ঘ সময়েও সন্তান আসেনি সংসারে। আর সন্তান না হওয়ার কারণ দেখিয়েই স্ত্রীকে তালাক দিলেন স্বামী। বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে কান্নাকাটি করেও শেষ পর্যন্ত সংসার টিকিয়ে রাখতে পারেননি স্ত্রী ইতি আক্তার।

শনিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার।

ভিডিওতে দেখা যায়, স্থানীয়দের উপস্থিতিতে গ্রাম্য সালিশে স্বামীর কাছে বারবার সংসার না ভাঙার অনুরোধ করছেন ইতি। একপর্যায়ে স্বামীর পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। কিন্তু স্ত্রীর আকুতিতেও সিদ্ধান্ত পরিবর্তন করেননি স্বামী।

স্থানীয় সংবাদকর্মীরা জানান, স্বামীর দাবি, দেশের বিভিন্ন স্থানের চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা করিয়ে তিনি জানতে পেরেছেন, তার স্ত্রী কখনো মা হতে পারবেন না। এ কারণেই তিনি আর সংসার করতে চান না। একপর্যায়ে সাত বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটিয়ে স্ত্রীকে তালাক দেন।

ইতি আক্তারের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে। তার স্বামীর বাড়ি মেহেন্দিগঞ্জের বাবনের চর এলাকায়। বর্তমানে তারা নরসিংদীতে বসবাস করছিলেন।

স্থানীয় সংবাদকর্মীদের কাছে তালাকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইতি আক্তার।

প্রতিনিধি/এলএ