Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার

জেলা প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি টি গ্রাম নিয়ে বরিশল ইউনিয়ন নামে আলাদা একটি ইউনিয়ন গঠন এবং বরিশল উপজেলা গঠনের চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কোড্ডা নামক স্থানে রেলপথ ও সড়কপথ অবরোধ করার পর ৭২ ঘণ্টার আল্টিমেটার দিয়ে অবরোধ প্রত্যাহার করেছে বিক্ষোভকারীরা। 

রোববার(৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বাসুদেব ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি শুরু করে। বিক্ষুব্ধ জনতা রেললাইনে স্লিপার ফেলে আটকে রাখে। সড়কে টায়ারে ফেলে আগুন দেয়।  

এতে বেলা ১১টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথের ট্রেন চলাচল বন্ধ থাকে এবং আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়া সদর সড়কপথে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বেলা সোয়া এগারটার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা ঘটনাস্থলে এসে তিন দিনের মধ্যে প্রশাসনের সাথে আলোচনা করে দাবির বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে অবরোধ স্থগিত করে রেল পথ ও সড়ক পথ ছেড়ে যায় আন্দোলনকারীরা।

বাসুদেব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন শের শাহ বলেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুঁইয়া তার ভাই সানির প্রভাবে সম্প্রতি বাসুদেব ইউনিয়ন ভেঙে আমাদেরকে না জানিয়ে বরিশল ইউনিয়ন গঠন করেছে। আমরা বরিশল ইউনিয়নে যেতে চাই না। এখন আবার বরিশল নামে উপজেলা গঠন করার চেষ্টা করছে। আমরা পূর্বের সদর উপজেলায় থাকতে চাই। আমাদের দাবি আদায়ে অবরোধ করেছি। 

বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন,  বরিশল গ্রামটি অনেক দূরবর্তী এলাকায়। সেখানে যেতে যথেষ্ট সময় লাগবে এবং অতিরিক্ত যানবাহন ভাড়া ব্যয় হবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম বলেন, বাসুদেব এলাকাবাসীর সাথে কথা বলেছি। তাদের কে আশ্বস্ত করেছি, আলোচনা করে সমস্যা সমাধান করা হবে। তারা আমাদের ডাকে সাড়া দিয়ে অবরোধ প্রত্যাহার করেছে।

প্রতিনিধি/ এজে