জেলা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ এএম
হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ৫৪০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-৯।
শনিবার (৭ নভেম্বর) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এ টি এম হেলাল (৫৬), আব্দুল মজিদের ছেলে কাজী রুবেল (২৩), মহদিরকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. তারেক মিয়া (২৬) এবং গাজীনগর গ্রামের আঃ হামিদ তালুকদারের ছেলে বাবুল তালুকদার (৩৯)।
এসআরবি সূত্রে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) মধ্যরাতে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন।
এ তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে ৭ থেকে ৮ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।
পরবর্তীতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে-২টি লোহার চাকু, ১টি কাঠের বাটযুক্ত লোহার চাকু, ২টি সুইচ গিয়ার চাকু, ২টি লোহার বল্লম, ১টি দা, ১টি চাপাতি, ১টি রামদা, ২টি করাত, ১টি লোহার পাত, ১টি মোটরসাইকেলের লোহার চেইন ও ২টি লোহার সুজ। এ ছাড়া আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পেনাল কোড, ১৮৬০ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের ও জব্দ করা আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
প্রতিনিধি/ এজে