Dhaka Mail Logo

সারাদেশ

কসবায় কোরআনের হাফেজ ও বাবাদের জামায়াতের সংবর্ধনা

জেলা প্রতিনিধি

০৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোরআনের হাফেজ ও তাদের বাবাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ৩০ জন হাফেজ ও তাদের বাবাদের এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সংবর্ধিত ছাত্রদের ক্রেস্ট এবং বাবাদের উপহার দেওয়া হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

তিনি বলেন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ ও নিরাপদ জনপদের জন্য কোরআনের শাসনের বিকল্প নেই। কোরআনের হাফেজরা সমাজের শ্রেষ্ঠ সন্তান। তাদের দেশ গড়ার কাজে লাগাতে হবে। জামায়াতের হাতে দায়িত্ব আসলে এ সব শ্রেষ্ঠ সন্তানদের নেতৃত্বে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করা হবে ইনশাআল্লাহ। 

আতাউর রহমান সরকার বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সাম্প্রতিক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগাণ্ডা- যার বড় প্রমাণ। এ ষড়যন্ত্রের সাথে ক্ষমতাসীন সরকারের কিছু কর্তাব্যক্তি জড়িত। আমরা অবিলম্বে মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানাই।

ময়দাগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ইমরান হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন- কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী।

বক্তব্য দেন- মাওলানা মাহবুব হাদী, মূলগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু হানিফ, কসবা উপজেলা শিবিরের সাবেক সভাপতি আমীর হোসাইন, মূলগ্রাম ইউনিয়ন সেক্রেটারি আব্দুল মোমেন, ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জালাল উদ্দীন, বিল্লাল হোসেন, রমজান মাষ্টার ও সংবর্ধিত হাফেজ এরশাদুল ইসলাম ও আব্দুল হান্নান প্রমুখ। 

প্রতিনিধি/এলএ