জেলা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৮৮ পিস ভারতীয় শ্যাম্পুর বোতল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় আব্দুল মতিন রিপনের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব শ্যাম্পু উদ্ধার করা হয়। গ্রেফতার আব্দুল মতিন রিপন তপশীপাড়া এলাকার বাসিন্দা।
উদ্ধার শ্যাম্পুর প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার পরিমাণের 'WishCare Multi-Peptide Anti Hairfall Shampoo' লেখা রয়েছে। ১২টি কার্টনে ২৪টি করে মোট ২৮৮ পিস শ্যাম্পু পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় আব্দুল মতিন রিপনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে শ্যাম্পুগুলো উদ্ধার করা হয়।
এ সময় উদ্ধার পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে আনার কথা জানান।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরী জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিনিধি/এলএ