Dhaka Mail Logo

সারাদেশ

যেমন আসছেন, ঠিক তেমনি চলে যাবেন: বিরোধী দলকে এমপি খোকন

জেলা প্রতিনিধি

০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

বিরোধী দলের কিছু নেতা তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছেন অভিযোগ তুলে কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘যেমন আসছেন, ঠিক তেমনি চলে যাবেন। এদেশে রাজাকারের ঠাঁই নাই।’

তিনি আরও বলেন, ‘সকল বীর মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন তারেক রহমান। তার হাতকে শক্তিশালী করবে দেশের জনগণ।’

শনিবার (৭ নভেম্বর) বিকেলে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক বিল্পব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খোকন।

S

তিনি বলেন, ‘বিদেশি প্রভুর হাত থেকে জিয়াউর রহমান বাঁচতে পারেননি, তাতেও বেগম খালেদা জিয়া কোনো বিদেশি শক্তির কাছে মাথানত করেননি। দেশ ও দেশের মানুষের সঙ্গে বেঈমানী করেননি।’ 

খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আদর্শবান বাবা-মায়ের সন্তান। মানুষের ভালবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন। তিনিও এদেশের সঙ্গে ও স্বাধীনতার সঙ্গে বেঈমানী করবেন না।’

তার মতে, ‘ভালোবাসা মুখ দিয়ে হয় না, হৃদয়ে ধারণ করতে হয়। শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ হৃদয়ে রেখেছেন। খালেদা জিয়াকেও হৃদয়ে রেখেছেন। ঠিক তেমনি তারেক রহমানকেও হৃদয়ে রেখেছেন দেশের মানুষ।’

এসময় আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, লাভলু হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ অনেকে।

প্রতিনিধি/এএইচ