Dhaka Mail Logo

সারাদেশ

লাল কাপড় উড়িয়ে ট্রেন থামালেন গেটম্যান, সংঘর্ষ থেকে অল্পে রক্ষা

জেলা প্রতিনিধি

০৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনে আটকে পড়েছিল বালুবাহী একটি ট্রাক। এমতাবস্থা ট্রাকটির সঙ্গে সংঘর্ষ এড়াতে স্থানীয়দের সহযোগিতায় লাল কাপড় উড়িয়ে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন থামালেন গেটম্যান। এতে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেল উভয় যানবাহনই।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যমুনা সেতু পার হয়ে আসা বালুবাহী ট্রাকটি সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রাকটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি ক্রসিংয়ের ওপর আটকে পড়ে।

T 

ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ওই পথে আসছিল। বিষয়টি দেখে এক মুহূর্ত দেরি না করে স্থানীয়দের সহযোগিতায় সামনে এগিয়ে গিয়ে লাল পতাকা উড়িয়ে ট্রেন থামান গেটম্যান মিজান। তার এই তৎপরতায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়ায় ট্রেনটি। 

এরপর অন্য একটি ট্রাক দিয়ে টেনে তোলার চেষ্টা করা হয় আটকে পড়া ট্রাকটি। সে চেষ্টা ব্যর্থ হলে কাছেই মাটি কাটার কাজে থাকা একটি ভেকু (খননযন্ত্র) এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরানো হয়।

এ বিষয়ে সল্লা বাসস্ট্যান্ডের গেটম্যান মিজান জানান, দুপুর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

প্রতিনিধি/এএইচ