জেলা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে দেয়ালে আঁকা হয়েছিল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি। তবে সফরের পরদিনই দুর্বৃত্তদের কালির আঁচড়ে বিকৃত করা হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র।
এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। একই স্থানে আবারও রবীন্দ্রনাথের প্রতিকৃতি আঁকার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে বিকৃত দেয়ালচিত্রটি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে খুলনার ইতিহাস-ঐতিহ্য, উন্নয়ন এবং দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি তুলে ধরা হয়েছিল। সেখানে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও স্থান পেয়েছিল। কিন্তু কে বা কারা ছবিটিতে কালো কালি লাগিয়ে বিকৃত করেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করা যায় না। যারা এ ধরনের কাজ করেছেন, তাদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই। বিকৃত করা স্থানে আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আঁকা হবে।
তিনি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখা জরুরি। ধর্মীয় বিদ্বেষমুক্ত এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত হয়— এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
দেয়ালচিত্র বিকৃতির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে উল্লেখ করে কেসিসি প্রশাসক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশকে বলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেটি নিশ্চিত করা প্রয়োজন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শুক্রবার সড়কের বিপরীত পাশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ফলে কারা বা কখন দেয়ালচিত্রটি বিকৃত করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি জানার পর পুলিশ খোঁজ-খবর শুরু করেছে।
প্রতিনিধি/এলএ