Dhaka Mail Logo

সারাদেশ

বাগেরহাটে জুয়াড়িদের হামলায় সাংবাদিক আহত

জেলা প্রতিনিধি

০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে জুয়াড়িদের হামলায় আব্দুল্লাহ ফারুক হোসেন নামে এক সাংবাদিক আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 আহত আব্দুল্লাহ ফারুক হোসেন মোল্লাহাট প্রেসক্লাবের সহসভাপতি। তিনি গ্রিন টিভি ও দৈনিক কালবেলা পত্রিকার মোল্লাহাট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

 আব্দুল্লাহ ফারুক হোসেন জানান, মোল্লাহাট উপজেলার গিরিশনগর দ্বীপচর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয়ভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একটি সংঘবদ্ধ চক্র জুয়ার আসর বসায়। শুক্রবার রাতে গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে ওই জুয়ার আসর বন্ধ করে দেয়।

পুলিশকে তিনি তথ্য দিয়েছেন— এমন সন্দেহ থেকে জুয়াড়ি চক্রটি তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এর জেরে রাত সাড়ে ১০টার দিকে ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০-১২ জন তাকে ডেকে নিয়ে মারধর করে। একপর্যায়ে গলায় গামছা বেঁধে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় আব্দুল্লাহ ফারুক হোসেন হামলাকারী তাঁতীলীগ নেতা ফারুক শেখ, কবির ও আহাদসহ ১০-১২ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় অভিযোগ করেছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি জিন্নুরাইন, সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ ক্লাবের সদস্যরা। তারা হামলায় জড়িত জুয়াড়ি ও হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/এলএ