উপজেলা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সরকারি ছুটিতে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে পণ্য পরিবহন, আমদানি-রফতানি এবং কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এক দিনের ছুটি শেষে আগামী কাল রোববার (৮ নভেম্বর) থেকে পুনরায় সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মো. রুহুল আমিন জানান, সরকারি ছুটির কারণে বন্দরের আমদানি-রফতানিসমূহ কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পণ্য খালাস শেষে বন্দরে অবস্থানরত ভারতীয় খালি ট্রাকগুলো নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ২৫০-৩০০ ট্রাক পণ্য আমদানি হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় প্রায় ৫০ থেকে ১০০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আয় হয় প্রায় ১০ কোটি টাকা। সরকারি ছুটির কারণে এক দিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও, রোববার থেকে পুনরায় আমদানি-রফতানিসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধি/ এজে