Dhaka Mail Logo

সারাদেশ

ট্রাকচাপায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, প্রাণ গেল একই পরিবারের তিনজনের

জেলা প্রতিনিধি

০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তারা একই পরিবারের। তাদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী এবং তাদের আট মাস বয়সী এক শিশুসন্তান। আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) ও তাদের আট মাস বয়সী মেয়ে রিফা।

স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোরশেদ আলম নিহত হন। আহত হন চারজন। তাদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান মোরশেদের স্ত্রী ও শিশু সন্তান। আহত অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

jamalpur accident-1দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটি আটক করেন। কিন্তু ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এমআর