Dhaka Mail Logo

সারাদেশ

​নাটোরে পৃথক স্থানে দুইজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

নাটোরের নলডাঙ্গায় পৃথক দুই স্থানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় একজন পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৬ নভেম্বর) দিনগত রাতে উপজেলার পিপরুল ইউনিয়নের কালিগঞ্জ গ্রামে ও লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নলডাঙ্গা উপজেলার কালিগঞ্জ এলাকার মৃত ইসমত মোল্লার ছেলে মো. আব্দুর রহিম (৬২) এবং উপজেলার একই ইউনিয়নের ঠাকুর লক্ষ্মীপুর পশ্চিমপাড়া (বাবার মোড়) এলাকার মো. আশিক মিয়ার স্ত্রী মোছা. আমেনা বেগম (২৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন মানসিক অসুস্থতায় ভুগছিলেন মো. আব্দুর রহিম। শুক্রবার রাতে নিজ বসতঘরের কাঠের রুয়ার সাথে গলায় রশি প্যাঁচিয়ে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

অপরদিকে পারিবারিক কলহের জেরে রাতে নিজ বসতবাড়ির বারান্দায় কাঠের রুয়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। 

​এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, খবর পেয়ে রাতেই দুইজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পৃথকভাবে দুজনের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এজে