জেলা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম
৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্বে আগুন দেওয়ার ঘটনায় চাঁদপুরে প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডে জেলা বিএনপির কার্যালয় সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হযে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ।
জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা মিছিলে অংশ নেন।
মিছিল শেষে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার কড়া প্রতিবাদ জানান নেতারা। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এর আগে দুপুর আড়াইটায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে দুর্বৃত্তরা ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্বে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/এলএ