জেলা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
নরসিংদীতে নিজের স্ত্রী-মেয়ে, ভাগ্নি ও শ্যালিকাকে দিয়ে পর্নোভিডিও তৈরি করে মোটা অংকের বিনিময়ে আন্তর্জাতিক পর্নোসাইডে বিক্রি করার অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (০৬ নভেম্বর) বিকালে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার গিয়াস উদ্দিন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার বাসিন্দা।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যে তাকে গ্রেফতার করা হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার ইসলাম সিএনজি সংলগ্ন একটি বাসা ভাড়া নিয়ে নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা এবং ভাগ্নির নগ্ন ভিডিও তৈরি করতেন। পরে এসব ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন। সম্প্রতি পরিবারটি প্রশাসনের নজরদারি এড়াতে ওই এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় বসবাসের পরিকল্পনা করেন এবং ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটন নামে এক ব্যক্তির নবনির্মিত ভবনে বাসা বদল করেন।
বাসা পরিবর্তনের সংবাদ পেয়ে এনএসআইয়ের একটি দল তাদের মালামাল বহনকারী গাড়ির ওপর নজরদারি শুরু করেন। পরবর্তীতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চক্রের মূলহোতা গিয়াস উদ্দিনকে আটক করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ওই বাসা থেকে পর্নোগ্রাফি সংক্রান্ত নানা আলামত পাওয়া গেছে। ব্যাংক অ্যাকাউন্টেও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে গোয়েন্দারা।
এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।
প্রতিনিধি/এলএ