জেলা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম
মাগুরার মহম্মদপুরের ডুমুরশিয়ায় শতবর্ষী ঐতিহ্যের ১০৬তম লাঠি আসরে লাঠি খেললেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শুক্রবার বিকালে ডুমুরশিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এই খেলা ঘিরে পুরো এলাকা রূপ নেয় আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী বলেন, লাঠি খেলা গ্রামবাংলার অত্যন্ত প্রাচীন ও জনপ্রিয়। লাঠি, হাডুডু, দাঁড়িয়াবান্ধা ও নৌকাবাইচের মতো আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী নানা উদ্যোগ নিয়েছে।
বহুদিনের লাঠিয়াল দলের প্রধান মানিক সরদার বলেন, পূর্বপুরুষদের দেখেই এই খেলায় আগ্রহ জন্মেছিল। এখন সব জায়গায় এর আয়োজন হয় না, তবে কার্তিকের এই মেলায় এলে বুক জুড়িয়ে যায়।
মহম্মদপুর ছাড়াও পার্শ্ববর্তী শালিখা, শ্রীপুর, বোয়ালমারী ও মধুখালী উপজেলা থেকে ছুটে এসেছিলেন নানা বয়সের দর্শনার্থীরা।
প্রতিবছর বাংলা কার্তিক মাসে আয়োজিত এই লাঠি খেলাকে কেন্দ্র করে পুরো মাঠে বসে গ্রামীণ মেলা। নাগরদোলা, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আর হরেক রকমের পণ্যের পসরায় জমে ওঠে চারপাশ।
ঢাকঢোল আর বাঁশির তালে মাঠের লড়াই বর্ণিল সাজে ও রঙ-বেরঙের পোশাকে মাঠে নামে বিভিন্ন এলাকা থেকে আসা লাঠিয়াল দলগুলো।
প্রতিনিধি/এলএ