Dhaka Mail Logo

সারাদেশ

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম, ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমান এবং সাইফুল ইসলামের ছেলে সাগর।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে গাজীরখামার এলাকায় কয়েকজন জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করার প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে টহল পুলিশ সেখানে পৌঁছায়। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তাদের প্রত্যেকের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা আছে এবং কর্মী বলে জানিয়েছে পুলিশ।

শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড ঠেকাতে গাজীরখামার এলাকায় পুলিশের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভোররাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়। পরে তাঁদের পরিচয় যাচাই করে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।

ওসি জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে পাঁচজনকেই আদালতে হাজির করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।

প্রতিনিধি/ এজে