Dhaka Mail Logo

সারাদেশ

টেকনাফের পাহাড়ে মিলল তিনজনের মরদেহ

জেলা প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দুর্গম পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। শুক্রবার( ৬ নভেম্বর)  বিকেলে নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের পূর্ব পাশের পাহাড়ে মরদেহগুলোর সন্ধান পায় পুলিশ। সেগুলো উদ্ধারে চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

গত বৃহস্পতিবার একই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে এক সেনাসদস্য নিহত হওয়ার পর থেকে সেখানে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছেন তারা। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ওই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে বাহিনীর সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন। অভিযানে জিম্মি অবস্থায় থাকা ৫৬ জনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়। উদ্ধার ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। দুর্গম পাহাড়ে সশস্ত্র অপরাধীদের আস্তানা নির্মূলে পুরো এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানবপাচারকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই। মানবপাচারকারীদের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধনের বিষয়েও প্রশাসন খোঁজ-খবর রাখছে।

তিনি আরও বলেন, সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে দায়িত্ব পালনরত একজন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এ ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

প্রতিনিধি/এলএ