Dhaka Mail Logo

সারাদেশ

শরীয়তপুরে নবীনবরণ কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, তদন্তে পুলিশ

জেলা প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ। চলছে সাংস্কৃতিক আয়োজন, মঞ্চে কনসার্ট। এরই মধ্যে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের এ অনুষ্ঠানের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ভিডিওগুলোর সত্যতা ও সময়কাল যাচাই করছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে কলেজ প্রাঙ্গণে নবীনবরণ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তাঁদের ভাষ্য, কনসার্ট চলাকালে মঞ্চের সামনে থেকে কয়েকজন ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে এসব স্লোগান দিতে শোনা যায়। ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর শিক্ষাপ্রতিষ্ঠানের নবীনবরণ অনুষ্ঠানে এমন রাজনৈতিক স্লোগান দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। ভিডিওর সময়কাল ও ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে বক্তব্য জানতে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, আমরা ভিডিওটি দেখছি। বিষয়টি তদন্ত করছি। ভিডিয়োটি সাম্প্রতিক সময়ের কিনা, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে