Dhaka Mail Logo

সারাদেশ

শার্শায় পুলিশের অভিযানে ওয়ানশুটার পিস্তল উদ্ধার

উপজেলা প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হকের নেতৃত্বে এসআই আশীষ সরকার, এসআই শেখ আল আমিনসহ পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। শিকারপুর আমতলা মোড় ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেনের ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরোনো, দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শার্শা থানার ওসি মো. শামিনুল হক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, শার্শার মাটিতে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অপরাধীদের কোনো জায়গা হবে না। অপরাধী যে-ই হোক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ করে পালিয়ে থেকেও শেষ রক্ষা হবে না। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিনিধি/ এজে