Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে পদ্মার চরে আখখেতে মিলল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন

জেলা প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

নাটোরের লালপুরে পদ্মা নদীর চরের একটি আখখেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

এসআরবি-৫ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সদস্যরা জানতে পারেন, পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকায় একটি আখখেতে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো সন্দেহজনক কিছু পড়ে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তাদের নির্দেশনা অনুযায়ী তথ্যের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে যান ব্যাটালিয়নের সদস্যরা। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এরপর বিধি অনুযায়ী অস্ত্র দুটি জব্দ করা হয়।

উদ্ধার করা পিস্তল ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে অস্ত্রগুলো কে বা কারা সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এসআরবি সদস্যরা পানসিপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে থানায় হস্তান্তর করেছেন। অস্ত্রগুলো সেখানে কীভাবে এল বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হবে।

প্রতিনিধি/এসএস