জেলা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ এএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের উদ্যোগে কলেজ রোডে প্রেস ক্লাব প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়। প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব রুবেল আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত ও সাংবিধানিক দায়িত্ব। সংবাদ প্রকাশের জেরে মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। তারা সাংবাদিক এহসানুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার এবং সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে সাংবাদিক নেতারা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। এতে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, হয়রানির অভিযোগ খতিয়ে দেখা, স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগ তদন্ত এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা এবং সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর গত ২৫ অক্টোবর সাংবাদিক এহসানুল হক, মনজু বিজয় চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে মৌলভীবাজার সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।
প্রতিনিধি/এসএস