Dhaka Mail Logo

সারাদেশ

‘নতুন কুঁড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ

জেলা প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে কাবাডিতে সাফল্য অর্জন করেছে কিশোর খেলোয়াড় মীর সাফি আল হুদ। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-১’ প্রতিযোগিতায় কাবাডিতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় পর্যায়ের সেরা ৪০ খেলোয়াড়ের তালিকায় স্থান করে নিয়েছে সে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে বিশেষ সনদ গ্রহণ করে সাফি আল হুদ।

মীর সাফি আল হুদ গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মীর সাইফুল ইসলামের একমাত্র ছেলে। সে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় পর্যায়ে কাবাডিতে নিজের দক্ষতার পরিচয় দিয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা পেরিয়ে ছেলেদের বিভাগে প্রথম স্থান অর্জন করে সে জাতীয় পর্যায়ে জায়গা করে নেয়।

মেহেরপুরের মতো একটি মফস্বল এলাকা থেকে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন করায় আনন্দিত স্থানীয় বাসিন্দারা। তার এ অর্জনে গাংনীসহ পুরো জেলায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

নিজের অনুভূতি প্রকাশ করে মীর সাফি আল হুদ বলে, “প্রায় এক বছর আগে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার এই যাত্রা শুরু হয়েছিল। এই দীর্ঘ পথচলায় আমার বাবা সব সময় ছায়ার মতো পাশে ছিলেন। মেহেরপুরের মতো একটি জায়গা থেকে জাতীয় পর্যায়ে যেতে পেরে আমি আজ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি সবার কাছে দোয়া চাই, যেন আগামীতেও আমাদের মেহেরপুরের নাম আরও উজ্জ্বল করতে পারি।”

সাফি আল হুদের এ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তার এ অর্জন মেহেরপুরের ক্রীড়াঙ্গনের পাশাপাশি তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছে।

প্রতিনিধি/এসএস