জেলা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
মৌলভীবাজার সদরের কুসুমবাগ এলাকায় নিরাপদ খাদ্য আইনে অভিযান চালিয়ে দুটি রেস্তোরাঁকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটি হলো শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ ও রসগোল্লা রেস্তোরাঁ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে খাদ্য উৎপাদনের বৈধ অনুমোদন বা লাইসেন্স না থাকা, বিষ্ঠাযুক্ত ডিম না ধুয়ে নোংরা অবস্থায় সংরক্ষণ, ঢাকনা ছাড়া রান্না করা খাবার খোলা অবস্থায় রাখা এবং রান্নায় পোড়া তেল ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়। এ ছাড়া জিলাপি তৈরিতে রঙ যুক্ত গুড় ব্যবহার, ছাদের ওপর পচা ও পোকায় ধরা রসুন শুকাতে দেওয়া এবং কার্বন ও কালিযুক্ত খবরের কাগজ দিয়ে খাবার ঢেকে রাখার প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া উৎপাদিত দইয়ের কাপে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, ডাস্টবিনে পচনশীল বর্জ্য ফেলা, স্বাস্থ্যবিধি না মেনে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং খাবার তৈরির কক্ষে কর্মীদের কাপড় ঝুলিয়ে রাখার মতো অনিয়মও পরিলক্ষিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা এবং লিখিত নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেসব নির্দেশনা প্রতিপালন না করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে