জেলা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ টুকু বলেছেন, সোলারের মাধ্যমে সেচ ব্যবস্থা নিশ্চিত করতে ভর্তুকি দিয়ে সৌর বিদ্যুতের উৎপাদন বাড়ানো হচ্ছে। সে ক্ষেত্রে সরকার কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহামুদ বলেন, আগামী মৌসুমে কৃষকদের ফসল উৎপাদনে পানির সংকট না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। কৃষকদের খরচ কমাতে সৌর বিদ্যুৎ আওতায় আনা হচ্ছে। বিদ্যুৎ সোলার দিয়ে এখন সেচ ব্যবস্থা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গ্যাস ফিল্ডগুলো খনন শুরু করছে। এই গ্যাস উত্তোলনের মাধ্যমে সুষমভাবে বিতরণ করা হবে। বিতরণের আওতায় নাটোরও রয়েছে। শিল্পক্ষেত্রের জন্যও দেওয়া হবে গ্যাস।
সভায় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিংড়া-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীনসহ সরকারি কর্মকর্তারা।
প্রতিনিধি/ এজে