Dhaka Mail Logo

সারাদেশ

পাহাড় কেটে বালু পাচার, উখিয়ায় দুই ডাম্পার জব্দ

জেলা প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের অভিযানে বালুভর্তি দুটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার থাইংখালীর গহিন অরণ্যে খায়রুল বশরের ডেরায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করেন বনকর্মীরা।

বন বিভাগ ও স্থানীয় সূত্রের দাবি, থাইংখালী এলাকার খায়রুল বশর দীর্ঘদিন ধরে সরকারি বনভূমির পাহাড় কেটে মাটি ও বালু পাচারের সঙ্গে জড়িত। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলেও অভিযোগ রয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ আরাফাত মাহমুদ, বনকর্মী মো. কাইয়ুম, মোসলেম উদ্দিন ও ইলিয়াসসহ বন বিভাগের একটি দল অংশ নেয়। এ সময় ঘটনাস্থল থেকে বালুভর্তি দুটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।

থাইংখালী বিট কর্মকর্তা মোহাম্মদ আরাফাত মাহমুদ বলেন, বনভূমি রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুভর্তি দুটি ডাম্পার জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান দুটি ডাম্পার জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা গাড়ির বিষয়ে সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এজে