জেলা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, নিহতের নিজ বাড়ির পাশের একটি পানের বরজসংলগ্ন শুকনো ডোবা থেকে মরদেহটি পাওয়া যায়।
নিহত ইসরাত জাহান যুথি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র. ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় যুথি। তবে নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজখবর নিতে শুরু করেন। পরে বিকেল ৪টার দিকে তার মা সুবিদখালী বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে খোঁজ নেন। এ সময় তারা জানান, সেদিন যুথি বিদ্যালয়ে যায়নি এবং পরীক্ষায়ও অংশ নেয়নি।
আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
নিহতের বাবা মো. জামাল হাওলাদার জানান, নিখোঁজের পর প্রথমে বাড়ির পাশের এক নারী যুথির জুতা দেখতে পান। বৃহস্পতিবার সকালে ওই নারীকে সঙ্গে নিয়ে তিনি জুতা পাওয়ার স্থানটি শনাক্ত করতে যান। সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানের বরজের পাশে শুকনো ডোবায় মেয়ের মরদেহ দেখতে পান তারা।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ধঘাটনে তদন্ত চলছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে