Dhaka Mail Logo

সারাদেশ

‘মাদকমুক্ত সমাজ গড়তে ইসলামিক বিশেষজ্ঞদের ভূমিকা রাখতে হবে’

জেলা প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামিক বিশেষজ্ঞ, ইমাম ও খতিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মাদকের ভয়াবহতা তুলে ধরে মানুষকে সচেতন করা গেলে যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে।

পবিত্র কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ইসলামিক বিশেষজ্ঞ, মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষার্থীরা মাদক তথা হারাম বস্তু সম্পর্কে কুরআন হাদিসের আলোকে কথা বললে সবাই সোচ্চার হবে।

বুধবার (৪ নভেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাটারাপাড়া তালিমুল কুরআন হিফজ মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গনে ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

খন্দকার মারুফ বলেন, ‘এই দেশে শতকরা ৯০ ভাগ মুসলিম বসবাস করেন। রাজধানী ঢাকা মসজিদের শহর হিসেবে বিশ্বে ব্যাপক পরিচিত। আমাদের সম্মানিত খতিব, ইমাম তথা ইসলামের পণ্ডিত ব্যক্তিরা পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে শরিয়াহ মোতাবেক গুরুত্বপূর্ণ পরামর্শ ও নির্দেশনা দিলে সবার কাছে তা খুবই গ্রহণযোগ্য হবে। এতে বিভ্রান্তরা দ্বীনের পথে দ্রুত ফিরে আসবে, সমাজ হয়ে উঠবে শান্তিময়।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ওয়ায়েজীন মাওলানা আবু ত্ব-হা মুহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহবায়ক নূর মোহান্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, পৌর যুবদলের শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, শাহনাজ ভুইয়া ও জাহাঙ্গীর আলম মিয়াজি। মাদরাসার সভাপতি ইঞ্জিনিয়ার মো.আশরাফুর রাহিম ইমন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

খন্দকার মারুফ বলেন, ‘মাদকাসক্ত যুব সমাজ কখনো দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। এরা সমাজের কলঙ্ক, বোঝা। মাদককে সবাই না বলুন। সামাজিকভাবে এদের বয়কট করতে হবে। আইনশৃঙ্খলার উন্নতি এবং দেশের সমৃদ্ধির ক্ষেত্রে নেশাগ্রস্ত যুবসমাজ মারাত্মক অন্তরায়। বিপদগামী নেশাগ্রস্ত যুবসমাজকে ইসলামের শান্তির পথে ফেরাতে হবে, তাহলেই জাতি দ্রুত শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।’

তিনি আরো বলেন, আমরা নবী মুহাম্মদ (স.) এর উম্মত হয়ে অত্যন্ত গর্বিত। ইসলাম মাদক তথা নেশাদ্রব্যকে হারাম করেছেন। মাদক কখনও মুসলিম সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। দেশে ইয়াবাসহ বিভিন্ন মাদকের আশঙ্কাজনক বিস্তার ঘটেছে, তা খুবই উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়।

খন্দকার মারুফ বলেন, ইয়াবাসহ নানা নামে নেশাদ্রব্য বৈধ পণ্যের মতো ছড়িয়ে পড়েছে, যা খুবই উদ্বেগ উৎকণ্ঠার বিষয়। এই মাদক আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। মাদকের মরণ ছোবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। সকল শ্রেণির মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে।

এমআর