Dhaka Mail Logo

সারাদেশ

রশিদ ছাড়া সার বিক্রি, ডিলারকে জরিমানা, ম্যানেজারের ৭ দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ক্যাশমেমো বা রশিদ ছাড়া সার বিক্রির দায়ে একটি ডিলার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রহনপুর পৌরসভায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, রহনপুর পৌরসভার সার ডিলার মোসা. সুফিয়া বেগমের প্রতিষ্ঠান ‘কবীর ট্রেডার্স’ থেকে নিয়মবহির্ভূতভাবে পাঁচ বস্তা ডিএপি সার বিক্রি করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. মনিরুজ্জামান জীবন। তিনি নবনিযুক্ত সার ডিলার ‘তাজ ট্রেডার্স’-এর স্বত্বাধিকারীও।

সারগুলো রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন সন্দেহের ভিত্তিতে সেগুলো আটক করেন। পরে তারা বিষয়টি উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও থানা-পুলিশকে জানান।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রশিদ ছাড়া সার বিক্রির দায়ে তিনি ‘কবীর ট্রেডার্স’কে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির ম্যানেজার ও ‘তাজ ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান জীবনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

প্রশাসন জানিয়েছে, উদ্ধার করা পাঁচ বস্তা সার জব্দ করে উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।

প্রতিনিধি/এসএস