Dhaka Mail Logo

সারাদেশ

বেনাপোলে আ. লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল করেছেন স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকেরা।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হয়।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ আলী এবং ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেনের নেতৃত্বে মিছিলে দুই সংগঠনের বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

মিছিল থেকে ‘আপা আপা করিস না, শেখের বেটি আর আসবে না’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

25d8e723-0eda-4720-99cc-f918ba5e3967

মিছিল শেষে শ্রমিক নেতারা বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে শ্রমিকেরা তা প্রতিহত করবেন। দেশের বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের উসকে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা। নিজেদের স্বার্থ ও কর্মপরিবেশের কথা বিবেচনা করে কোনো ধরনের উসকানিতে পা না দিতে গার্মেন্টস শ্রমিকদের প্রতি আহ্বান জানান তারা।

শ্রমিক নেতারা আরও বলেন, শার্শা উপজেলা তথা বেনাপোল স্থলবন্দরে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবেন। বন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

প্রতিনিধি/এসএস