জেলা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো বাগেরহাট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলার বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে অপেক্ষায় রয়েছেন জেলাবাসী। তার এই সফর ঘিরে নতুন করে উন্নয়নের আশায় বুক বাঁধছেন তারা।
দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা, সড়কের বেহাল দশা, চিকিৎসাসেবার সংকট, নদীভাঙন ও কর্মসংস্থানের অভাবসহ নানা সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ১৫ মিনিটে সড়কপথে মোংলা বন্দর থেকে বাগেরহাট সদর উপজেলার ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার আগ্রহ তৈরি হয়েছে। তবে উৎসবের আমেজের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে রয়েছে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রত্যাশা।
প্রতিনিধি/এসএস