জেলা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম
নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। ২০২৭–২০২৮ সেশনের জন্য তিনি পুনরায় এ দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে তিনি দলের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য নির্বাচিত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একযোগে দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখার আমীরদের নাম ঘোষণা করেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, আতাউর রহমান বাচ্চুর বাড়ি নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামে। তিনি স্কুলজীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন। ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত থাকার পর ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। দলটিতে যোগ দেওয়ার পর প্রথমে তিনি নড়াইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন।
এরপর ২০১৪ সালে নড়াইল সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্যের দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে তিনি নড়াইল জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আতাউর রহমান বাচ্চু খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ থেকে বি.কম (অনার্স) ও এম.কম (ব্যবস্থাপনা) সম্পন্ন করেন। পরে ধানমন্ডি সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
ছাত্রশিবিরের রাজনীতিতে তার দায়িত্ব পালনের ধারাবাহিকতায় ১৯৯৬–৯৭ সেশনে নড়াইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি, ১৯৯৮ সালে নড়াইল সিটি কলেজ শাখার সভাপতি, ১৯৯৯–২০০১ সেশনে নড়াইল পৌরসভা শাখার সেক্রেটারি, ২০০২ সালে পৌরসভা শাখার সভাপতি এবং ২০০৩ সালে নড়াইল জেলা শাখার সেক্রেটারি ছিলেন।
পরবর্তী সময়ে ২০০৪ সালে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি, ২০০৫ সালে সদর থানা শাখার সভাপতি, ২০০৬ সালে খুলনা বিএল কলেজ শাখার সেক্রেটারি এবং ২০০৭ সালে সভাপতি হন। ২০০৮ সালে খুলনা মহানগর শাখার দফতর সম্পাদক, ২০০৯ সালে সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক এবং ২০১০ সালে মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যের দায়িত্ব পালন করেন। ২০১১ সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ২০১২ সালে কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন।
পুনরায় জেলা আমির নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও অনেকে তাকে অভিনন্দন জানান। নতুন মেয়াদে দায়িত্ব পালনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আতাউর রহমান বাচ্চু।
প্রতিনিধি/এসএস