Dhaka Mail Logo

সারাদেশ

চিতলমারীতে ৪ ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম

বাগেরহাটের চিতলমারীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাইম আশরাফ জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় চিতলমারী উপজেলা সদরের প্রধান বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও বিক্রয় নিষিদ্ধ, ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে অর্থদণ্ড দেওয়া হয়।

অর্থদণ্ড প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— হাসপাতাল গেট এলাকার টুটুল ফার্মেসি (৪ হাজার টাকা), এমদাদুল ফার্মেসি (স্বত্বাধিকারী এমদাদ শেখ, ৪ হাজার টাকা), বিসমিল্লাহ মেডিকেল হল (স্বত্বাধিকারী মো. আনিস, ৩ হাজার টাকা) এবং চায়না মেডিকেল হল (স্বত্বাধিকারী কাওসার আলী গাজী, ৫ হাজার টাকা)।

অভিযান পরিচালনা করেন চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাইম আশরাফ। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. নাইম আশরাফ জানান, জনস্বার্থে ওষুধের অনিয়ম, ভেজাল ও অবৈধ বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে