Dhaka Mail Logo

সারাদেশ

জামিনে মুক্ত চীন-তাইওয়ানের ৬ নাগরিক, কারাগার থেকে সোজা বিমানবন্দরে

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধারের ঘটনায় করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন চীন ও তাইওয়ানের ছয় নাগরিক।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই তারা সরাসরি বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

এর আগে বুধবার দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম তাদের জামিন মঞ্জুর করেন। চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, আসামিপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এম আবদুল মন্নান।

তিনি বলেন, যে আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা পর্যালোচনা করে আদালত ছয় আসামির জামিন মঞ্জুর করেছেন। চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে। 

কারাগার সূত্র জানায়, বুধবার বিকেল ৫টার দিকে ছয় বিদেশি নাগরিকের জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছায়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৭টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি-প্যালেস হোটেলের সামনে থেকে ওই ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে উখিয়ার ইনানী ও কক্সবাজারের হিমছড়ি এলাকার বিভিন্ন রিসোর্টে অভিযান চালায় পুলিশ।

অভিযানে রিসোর্টগুলো থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটার এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে। পরে গ্রেপ্তার ছয় বিদেশি নাগরিককে ওই মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘ দুই মাস কারাবন্দি থাকার পর আদালতের জামিন আদেশে বুধবার রাতে মুক্তি পেলেন তারা।

প্রতিনিধি/ এজে