জেলা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ লাখ টাকার ৩শ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকার একটি গ্রামে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন,শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া এলাকার মুক্তারী বেগম ও রফিকুল ইসলামের ছেলে মো. আসাদুল (৪০) এবং একই এলাকার জলেনুর বেগম ও তৈয়ব আলী তেনুর ছেলে মো. রজিবুল হক (২৯)।
পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতির জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমানের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার দিবাগত গভীর রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার আজমতপুর হুদমাপাড়া গ্রামের আহসান হাবিবের রাইস মিলের সামনে এসআই তারেক মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ৩শ গ্রাম হেরোইনসহ আসাদুল ও রজিবুলকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হেরোইন কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ।
প্রতিনিধি/ এজে