Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে সাউন্ড গ্রেনেডে পণ্ড শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজা

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত গার্মেন্টস শ্রমিক তৌফিকের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গায়েবানা জানাজা সাউন্ড গ্রেনেড ছুড়ে পণ্ড করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজীপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে চলমান আন্দোলনে হামলায় গুরুতর আহত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জের তরুণ শ্রমিক তৌফিক মিয়া (২০)। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত এই শ্রমিকের আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার দুপুরে চান্দনা চৌরাস্তায় ‘এনসিপি’ ও ‘শ্রমিক শক্তি’র উদ্যোগে পূর্বঘোষিত গায়েবানা জানাজার প্রস্তুতি চলছিল। জানাজা শুরুর আগে এনসিপি ও শ্রমিক শক্তির কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা সংক্ষিপ্ত বক্তব্য দেন। 

বক্তব্যের শেষ পর্যায়ে এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী নাসের খান বক্তব্য শেষ করে সবাইকে নিয়ে জানাজা শুরু করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা জানাজা শুরু করতে চাইলে পুলিশ ও বিজিবি যৌথভাবে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বলেন, ‘পুলিশ আমাদের অত্যন্ত শান্তিপূর্ণ একটি ধর্মীয় কর্মসূচিতে অন্যায়ভাবে বাধা দিয়েছে। আমরা পোশাক শ্রমিক তৌহিদ হত্যার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘পোশাক শ্রমিকদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমাদের একটি গায়েবানা জানাজাও পড়তে দেওয়া হয়নি, উল্টো হামলা চালানো হয়েছে।’

প্রতিনিধি/এএইচ