Dhaka Mail Logo

সারাদেশ

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত তৌফিকের পরিবার

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত গাইবান্ধার পোশাকশ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ সহায়তা তুলে দেওয়া হয়েছে।   

বুধবার (৪ নভেম্বর) বিকেলের দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে গিয়ে তার স্ত্রী সেতু মনি ও ভাই হারুন উর রশিদের হাতে এ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

এ সময় ইউএনও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরে মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন।

মন্ত্রী পরিবারের সদস্যদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কথাও জানান তিনি।

স্বামীকে হারিয়ে আমরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি বলে জানালেন নিহত তৌফিকের স্ত্রী সেতু মনি। তিনি বলেন, স্বামীর মৃত্যুতে আমাদের পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। প্রধানমন্ত্রী আমাদের পরিবারের খোঁজ নিয়েছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। এই কঠিন সময়ে সরকারের সহযোগিতা আমাদের কিছুটা হলেও সাহস জোগাবে। আমরা চাই, আমার স্বামীর হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামসহ অনেকে।

প্রতিনিধি/এজে