Dhaka Mail Logo

সারাদেশ

শার্শায় তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া

উপজেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

যশোরের উন্নয়নের রূপকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও বর্ষীয়ান জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের ত্রিমোহিনী সামলাগাছিতে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মাদরাসার এতিমখানার শিশুদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।

J

তিনি বলেন, একজন তরিকুল ইসলাম যে শূন্যতা তৈরি করে গেছেন, আমাদের দেশ, সমাজ, রাজনীতি ও দল কি সেই শূন্যতা পূরণ করতে পেরেছে? তরিকুল ইসলাম শুধু যশোরের নেতা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের একজন জাতীয় নেতা।

বাবু আরও বলেন, যশোরবাসী তার হাত ধরে উন্নয়নের যে ছোঁয়া পেয়েছে, তা আজও মানুষের মনে অমলিন। যশোরের এমন কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা নেই, যার উন্নয়নে তরিকুল ইসলামের অবদান ছিল না। তিনি নিজের শ্রম, মেধা ও নেতৃত্ব দিয়ে যশোরের উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক কনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জোবায়ের শাওন, জয়, ওয়াহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মরণসভা শেষে মরহুম জননেতা তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম এবং যশোরের উন্নয়নে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত নেতাকর্মীরা।

প্রতিনিধি/এএইচ