Dhaka Mail Logo

সারাদেশ

টেকনাফ সীমান্তে ১১ লাখ ইয়াবাসহ আটক ২

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি পাঁচটি বড় রামদা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আঠারো ঘরপাড়া এলাকার সীমান্তসংলগ্ন একটি ধানখেতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হলেন- হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভীবাজার এলাকার ছলিম উদ্দীনের ছেলে মো. আদিল (২৬)।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র হ্নীলা সীমান্ত দিয়ে ইয়াবার বড় একটি চালান দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে অবস্থান নেয়।

পরে সীমান্তবর্তী এলাকায় ৯ থেকে ১০ জন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটক করতে সক্ষম হন অভিযানকারী দলের সদস্যরা। তবে অন্যরা পালিয়ে যায়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা পাঁচটি দেশীয় তৈরি বড় রামদা জব্দ করা হয়।

কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা রামদা ও আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মিয়ানমার সীমান্তঘেঁষা টেকনাফের বিভিন্ন পয়েন্ট দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। সীমান্তের বিভিন্ন পথ ব্যবহার করে সংঘবদ্ধ চক্র ইয়াবাসহ বিভিন্ন মাদক দেশে পাচারের চেষ্টা চালিয়ে আসছে। এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবার পাশাপাশি পাঁচটি বড় দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনা সীমান্তে সক্রিয় মাদক কারবারি চক্রের তৎপরতা ও নিরাপত্তাঝুঁকির বিষয়টি নতুন করে সামনে এনেছে।

প্রতিনিধি/ এজে