Dhaka Mail Logo

সারাদেশ

দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: জিয়াউদ্দিন হায়দার

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

শিক্ষাজীবন শেষে তরুণদের বেকারত্বের বোঝা নিয়ে বসে থাকতে না হয়, সে লক্ষ্যে সনদনির্ভর শিক্ষাব্যবস্থার পরিবর্তে দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। 

বুধবার (৪ নভেম্বর) দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার আগেই শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবছেন। বর্তমান শিক্ষাব্যবস্থাকে সনদনির্ভরতা থেকে বের করে দক্ষতাভিত্তিক করার পরিকল্পনা রয়েছে। শিক্ষাজীবন শেষে যাতে তরুণদের বেকার বসে থাকতে না হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জ্ঞান অর্জনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। শেখার প্রতি আগ্রহী হতে হবে এবং সবকিছু জানার ও বোঝার মানসিকতা গড়ে তুলতে হবে। সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে। 

মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদককে না বলতে হবে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। 

পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, বর্জ্য দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাই জানে। এর কারণে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বেপারী, জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়। 

এছাড়া বক্তব্য দেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বজলুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মাহমুদ মোর্শেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মুশফিকুর রহমান বাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ এবং কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান ও সাধারণ সম্পাদক আরিফ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আশিকুল ইসলাম শাহিন।

এএইচ