Dhaka Mail Logo

সারাদেশ

বোচাগঞ্জে দুই বাড়ি থেকে ১৯৪ বস্তা সার জব্দ, জরিমানা

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম

দিনাজপুরের বোচাগঞ্জে দুটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার ইশানিয়া ইউনিয়নের বর্থ ও উত্তর কৃষ্ণপুর গ্রামে অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, প্রথমে বর্থ গ্রামে মো. নুরুল হকের ছেলে মো. মুক্তার আলমের বাড়িতে অভিযান চালিয়ে ১৪০ বস্তা সার জব্দ করা হয়। পরে উত্তর কৃষ্ণপুর গ্রামে মো. আবেদ আলীর ছেলে মো. বেলাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৫৪ বস্তা সার জব্দ করা হয়। এ সময় বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মো. মারুফ হাসান জানান, জব্দ করা সার কৃষি অফিসের তত্ত্বাবধানে কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।

প্রতিনিধি/এসএস