জেলা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদনান আলতাফ ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়ার বাসিন্দা। তিনি আলতাফ হোসাইন রাথারের ছেলে।
পরিবারের তথ্য অনুযায়ী, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ভারতীয় খাবারের হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম বলেন, আদনান কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। পরে বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
প্রতিনিধি/এসএস