জেলা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম
পেশায় চাল ব্যবসায়ী হলেও আড়ালে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ উঠেছে মাহবুব হোসেনের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রংপুর নগরের পার্বতীপুর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন। তিনি জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুবের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির শয়নকক্ষে তল্লাশি করে এক হাজার ইয়াবা জব্দ করেন অধিদফতরের সদস্যরা।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহবুব পেশায় চাল ব্যবসায়ী। তবে চালের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন জানান, গ্রেফতার মাহবুবের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিনিধি/এসএস