জেলা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম
বিদ্যালয়ের পোশাক পরে প্রাঙ্গণে টিকটকের জন্য ভিডিও ও ছবি ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রীকে বহিষ্কার করেছে ফেনীর পরশুরামের বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় চলাকালে নির্ধারিত পোশাক পরে প্রাঙ্গণে টিকটকের জন্য আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করেন ওই ছাত্রী। পরে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। এতে বিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির তদন্ত এবং শিক্ষার্থীর স্বীকারোক্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিদ্যালয় প্রাঙ্গণে মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ থাকলেও ওই ছাত্রী আচরণবিধি লঙ্ঘন করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হন। এর পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির সুপারিশ ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে তাকে বিদ্যালয় থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ৩ নভেম্বর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তার সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্কের অবসান ঘটেছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, এর আগেও ওই ছাত্রীকে কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্ক করার পরও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিদ্যালয়ের শৃঙ্খলা ও আচরণবিধি মেনে চলার পাশাপাশি মুঠোফোনের অপব্যবহার এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস