জেলা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪২ এএম
অপহরণের ১০ দিন পর উদ্ধার হলো মানিকগঞ্জের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয়ন আনসারী (২৫)। অপহরণকারীরা তাকে টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায় ফেলে রেখে যায়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এর আগে সোমবার রাতে মির্জাপুর এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা। হৃদয়ন আনসারী সেখান থেকে এক ট্রাকচালকের সহায়তায় পল্লী বিদ্যুৎ এলাকায় আসেন সকালে। এরপরে বাড়িতে ফোন করেন হৃদয়ন আনসারী। এরপরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।
হৃদয়ন আনসারী মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৃত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাস করছেন। তিনি মানিকগঞ্জের সিংগাইর এনপিআই বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
হৃদয়নের পরিবারের সদস্য ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হন হৃদয়ন। পথে আব্দুল্লাহপুর থেকে মগবাজার যাওয়ার উদ্দেশে প্রভাতী বনশ্রী বাসে ওঠেন। বাসটি উত্তরা আজমপুর এলাকায় পৌঁছালে তার পাশে মাস্ক পরা এক ব্যক্তি এসে বসেন। এর পরপরই হৃদয়ন চেতন হারিয়ে ফেলেন।
হৃদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, অপহরণকারীরা তাকে (হৃদয়ন) একটি অন্ধকার ঘরে আটকে রেখেছিল। সারাদিনে মাত্র একবার খাবার দেওয়া হতো এবং সারাক্ষণ হাত ও চোখ বাঁধা থাকত তার। সোমবার রাতে হৃদয়নকে টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায় চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। মঙ্গলবার সকালে একটি ট্রাকে চড়ে তার ভাই নবীনগরের পল্লীবিদ্যুৎ এলাকায় এসে একজনের মোবাইল ফোন থেকে মায়ের সাথে যোগাযোগ করে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে আসা হয়। টানা ৯ দিন বন্দি থাকায় হৃদয়ন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। তার শরীরে জ্বর ও ব্যথা রয়েছে এবং কথা বলতে কিছুটা অস্পষ্টতা দেখা দিচ্ছে। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে।
শাহরিয়ার আনসারী আরো বলেন, অপহরণের পরদিন ২৫ অক্টোবর ভোরে একটি অপরিচিত নম্বর থেকে কল দিয়ে হৃদয়নকে জীবিত ফেরাতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীদের দেওয়া বিকাশ ও নগদ নম্বরে দফায় দফায় ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু টাকা পেয়েও তারা ভাইকে ছেড়ে না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ছাড়া হৃদয়নের মোবাইল ফোন, ইমেইল, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের সব পাসওয়ার্ড হাতিয়ে নেয় চক্রটি।
এদিকে অপহৃদ হৃদয়নকে উদ্ধারের দাবিতে গত সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
প্রতিনিধি/এলএ