জেলা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ এএম
যশোরের ঝিকরগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আলমের বিরুদ্ধে চাঁদা দাবি, টাকা ছিনিয়ে নেওয়া ও মারধরের অভিযোগে আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) যশোরের ঝিকরগাছা আমলি আদালতে মামলাটি করেন ঝিকরগাছা শহরের কৃষ্ণনগর এলাকার আসাদুজ্জামান।
আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহমেদ ইমন অভিযোগটি আমলে নিয়ে ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ সুপারকে (ক্রাইম) নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আবদুল্লাহ।
মামলার আরজিতে বাদী অভিযোগ করেন, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে এএসআই আশরাফুল আলম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালান। এ সময় তার সেজো ভাই রেজাউল করিমকে বাড়িতে না পেয়ে এএসআই তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তার ভাইকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, পরদিন ২৪ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে ভাইয়ের ব্যবহৃত মোবাইল ফোন থেকে আসাদুজ্জামানের কাছে কল আসে। তখন তিনি জানতে পারেন, তার ভাইকে পুলিশ গ্রেফতার করেছে। পরে ভাইয়ের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত নিতে তিনি থানায় যান।
সেখানে ডিউটি অফিসারের কক্ষের সামনে থেকে এএসআই আশরাফুল আলম তাকে হাজতখানার সামনে নিয়ে যান। এ সময় তার পকেট থেকে জোরপূর্বক আড়াই হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি মোটরসাইকেল ও মোবাইল ফোন ছাড়িয়ে নিতে আরও চার থেকে পাঁচ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ, এ সময় তার ভাইয়ের মানিব্যাগ ফেরত দিতে অস্বীকৃতি জানান ওই পুলিশ কর্মকর্তা। পরে থানা থেকে বের হওয়ার সময় মানিব্যাগটি নিচে পড়ে গেলে সেটি তুলতে যান আসাদুজ্জামান। তখন এএসআই আশরাফুল আলম তাকে সজোরে থাপ্পড় মারেন এবং থানা থেকে বের করে দেন।
মামলার আরজিতে বাদী দাবি করেছেন, থানার ভেতরে ঘটে যাওয়া পুরো ঘটনাটি সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধারণ করা রয়েছে। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত এএসআই আশরাফুল আলমের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালতের পরবর্তী নির্দেশনা জানা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এএসআই আশরাফুল আলমের বিরুদ্ধে এমন কোনো অভিযোগের বিষয়ে আমি অবগত নই।
প্রতিনিধি/এলএ