জেলা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ এএম
সরকারি বনভূমি দখলমুক্ত করতে গিয়ে চট্টগ্রামের বাঁশখালীতে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীর নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ ৬ বন বিভাগের কর্মী আহত হন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল শীলকূপ মৌজার করলাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বনকর্মীরা হলেন— ওয়াইল্ডলাইফ স্কাউট তোফাজ্জল হোসেন, জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অঞ্জন দে, সুভাষ চন্দ্র লস্কর, পাহারাদার দেলোয়ার হোসেন ও শামসুল আলম। আহত পুলিশ কনস্টেবলের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বন বিভাগ সূত্রে জানা যায়, সরকারি বনভূমি দখল করে বসতঘর নির্মাণের অভিযোগে মো. নজরুল ইসলাম কালু নামে ব্যক্তির স্থাপনা উচ্ছেদে সকালে বন বিভাগ ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। অভিযান চলাকালে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্মী মো. লেয়াকত আলী ও মো. নজরুল ইসলাম কালুর নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা, দা-কিরিচ ও দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মী ও পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে অভিযান বাধাগ্রস্ত ও দলটিকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এতে বন বিভাগের পাঁচ কর্মী ও পুলিশের এক কনস্টেবল আহত হন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ