Dhaka Mail Logo

সারাদেশ

৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি লিখে নেওয়া ও ব্যাংক লেনদেনের মাধ্যমে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করেছেন রিফাত কবীর নামে একজন।

সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার ছয়ঘট্রি (ওসমানপুর) এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উচ্চ শিক্ষার জন্য ২০২২ সালে মিশরে যান রিফাত কবীর। ২০২৫ সালে দেশে ফেরার পর পরিচয়ের সূত্র ধরে উজ্জ্বল মিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে গরুর খামারসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের লোভ দেখিয়ে তাদের মধ্যে আর্থিক লেনদেন শুরু হয়।

এজাহারে বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঘোড়াঘাটের সাগরপুর মৌজায় ৫৭ শতক জমি ২২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রির চুক্তি করেন তারা। উজ্জ্বল মিয়া ১০ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করে বাকি ১২ লাখ টাকা পরে দেওয়ার কথা বলে জমিটি দলিল করে নেন। তবে দীর্ঘ সময় পার হলেও বকেয়া টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ করেছেন রিফাত।

এ ছাড়া গত ৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত বিভিন্ন সময়ে পূবালী ব্যাংকের একটি হিসাব থেকে উজ্জ্বল মিয়ার সোনালী ব্যাংকের দুটি হিসাবে মোট ৪৮ লাখ টাকা পাঠান রিফাত। এসব লেনদেনের ব্যাংকিং নথি তার কাছে রয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে ৮ জুন ওসমানপুর বাজারে সাক্ষীদের উপস্থিতিতে উজ্জ্বল মিয়া ৭ লাখ টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা দেয়ার অঙ্গীকার করেন বলে মামলায় বলা হয়েছে। এ সময় জমির বায়নানামা, গরু কেনার বায়নানামা ও দায় স্বীকারোক্তিমূলক অঙ্গীকারনামাও সম্পাদন করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

তবে পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন রিফাত। চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জীবনের নিরাপত্তার কথা ভেবে তিনি বাধ্য হয়ে ৫ লাখ টাকা চাঁদা দিয়েছেন বলেও এজাহারে উল্লেখ করেছেন।

এজাহারের বিবরণ অনুযায়ী, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে হুমায়ুন রাইস মিল থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় রিফাতের পথরোধ করা হয়। এ সময় তাকে লাঠি দিয়ে আঘাত করার পাশাপাশি তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ছাড়া রিফাত ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ এবং তার প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এলএ