Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় স্ত্রী নিহত, স্বামী-সন্তান আহত

জেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় জুঁথি আক্তার (২২) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন জুঁথি আক্তারের স্বামী জাকির হোসেন ও দেড় বছর বয়সী শিশু জায়ান আহমেদ। 

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার  পীরবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুঁথি আক্তার জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. হুমায়ুন মিয়ার মেয়ে। তিনি স্বামী-সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিইউ অফিস এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা টি.এ পরিবহনের একটি বাস পীরবাড়ি এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা জুঁথি আক্তার ও তার স্বামী-সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুঁথি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত ওই যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/এলএ