জেলা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
হাসপাতালে নেওয়ার পথেই উঠল প্রসবব্যথা। চারদিকে অথৈ পানি, সামনে ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ জলরাশি। এমন পরিস্থিতিতে নদীর মাঝখানে চলন্ত নৌকার পাটাতনেই যমজ সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। প্রথমে ছেলে, পরে জন্ম নেয় মেয়ে। ব্যতিক্রমী এ ঘটনায় নৌকায় থাকা যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা, পরে নবজাতকদের কান্নায় সেই উৎকণ্ঠা রূপ নেয় আনন্দে।
মঙ্গলবার (৩ নভেম্বর) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের মাঝনদীতে এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও দুই নবজাতক সুস্থ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে একটি নৌকা যাত্রা শুরু করে। অসুস্থ স্ত্রীকে সিজার করানোর জন্য গাইবান্ধায় হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন মনোয়ার হোসেন। নৌকাটি ব্রহ্মপুত্রের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ তার স্ত্রীর প্রসববেদনা শুরু হয়। একপর্যায়ে নৌকার মধ্যেই প্রথমে একটি ছেলে সন্তান এবং পরে একটি মেয়ে সন্তানের জন্ম দেন ওই নারী।
শিশু দুটির বাবা মনোয়ার হোসেন বলেন, অসুস্থ স্ত্রীকে সিজার করানোর জন্য গাইবান্ধায় নিয়ে যাচ্ছিলেন তারা। পথেই হঠাৎ প্রসবব্যথা শুরু হয়। ব্রহ্মপুত্রের মাঝখানে এমন পরিস্থিতিতে কিছুটা দুশ্চিন্তায় পড়ে যান। পরে নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়। সন্তানদের মুখ দেখতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সবার কাছে দোয়া চান।
নৌকায় থাকা নজরুল ইসলাম নামে এক জানান, প্রসবব্যথা শুরু হলে নৌকায় থাকা সবাই চিন্তিত হয়ে পড়েন।
এ বিষয়ে এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, নৌকায় যমজ সন্তান জন্মের বিষয়টি তিনি জানতে পেরেছেন। চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মা ও নবজাতকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
প্রতিনিধি/এলএ