জেলা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় উল্টে যাওয়া মিনিবাসের নিচে চাপা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) মাইশা মুশফিরাত নামে এক ছাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনার প্রেক্ষিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ করে আন্দোলন নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে করে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এমনকি রেল লাইনের ওপরও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন আইআইইউসির শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।
মাইশা মুশফিরাত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ছাত্রী। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখাযায়, কেডিএস কোম্পানির একটি ট্রাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে দাড়িয়ে থাকা একটি মিনিবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে দাড়িয়ে থাকা তিন শিক্ষার্থীকে চাপা দেয়।
ঘটনার পরপর ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক। এদিকে সহপাঠীর মৃত্যুর খবর পেয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। তারা তাৎক্ষণিকভাবে মহাসড়কের উভয় দিকে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং আন্দোলনরতদের একটি অংশ ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন।
প্রতিনিধি/এফএ